তিনি বলেন, রাষ্ট্রব্যবস্থায় গণতান্ত্রিক সংস্কার এনে সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে এ দেশের সাধারণ জনগণ বিএনপিকে সমর্থন জানাচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ’৯০-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বীর শহীদ জেহাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আমান উল্লাহ আমান ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়ে দেশে যে গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছিল, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পুনরায় স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে। তিনি আরও যোগ করেন, বহু মানুষের গুম ও প্রাণহানির পর ২০২৪ সালে ছাত্র-জনতার অসামান্য গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে রক্ত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়েছে। ভবিষ্যতে যেন গণতন্ত্রের জন্য আর কাউকেই জীবন না দিতে হয়, সে বিষয়ে জোর তাগিদ দেন তিনি।
১৯৯০ সালের প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা উল্লেখ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে তৎকালীন সচিবালয় ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মিছিলে তৎকালীন এরশাদ সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালায়। সেই ঘটনায় রাজধানীর দৈনিক বাংলা মোড়ে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন কে এম নজিরুল ইসলাম জেহাদ। স্বৈরাচারী শাসনের পতনের আন্দোলনের চূড়ান্ত দিকনির্দেশক হিসেবে শহীদ জেহাদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com