আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত নিয়ে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। এ ছাড়া এবার দলীয় প্রতীকে নয়, বরং উন্মুক্ত ও নিরপেক্ষ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারদলীয় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য প্রকাশ করেন।
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচির বিষয়ে চিফ হুইপ জানান, সাধারণত স্থানীয় সরকার বিভাগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ চূড়ান্ত করে থাকে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সঠিক সময়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনে যেকোনো ধরনের হস্তক্ষেপ সম্পূর্ণ বরদাশত করা হবে না। স্থানীয় মানুষের কাছে জনপ্রিয় এবং প্রকৃত জনসমর্থন থাকা ব্যক্তিরাই যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে দলীয়ভাবে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
বিএনপির প্রার্থী নির্বাচন প্রক্রিয়া নিয়ে নুরুল ইসলাম মনি উল্লেখ করেন, প্রতিটি ইউনিয়নে একক যোগ্য প্রার্থী দেওয়ার লক্ষ্যে তৃণমূলের সাংগঠনিক ভিত্তিকে কাজে লাগানো হবে। আমেজ ও উৎসবমুখর পরিবেশে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরাই জনপ্রতিনিধি হয়ে আসুক—এমনটিই চায় দল।
তৃণমূলের চূড়ান্ত সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে দলের অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে দলীয়ভাবে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তবে এখন পর্যন্ত এ নিয়ে কোনো আলোচনা হয়নি।
Md Bablu 



